লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শুভেন্দুকে শুভেচ্ছা জানাল জাতীয় পার্টির জি এম কাদের

প্রকাশিত: 12 মে 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শুভেচ্ছা বার্তায় তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

মঙ্গলবার জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

বার্তায় জি এম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর নির্বাচনী বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

জি এম কাদের আরও বলেন, শুভেন্দু অধিকারী এমন এক রাজনৈতিক পরিবারের প্রতিনিধি, যাদের দীর্ঘ জনসেবামূলক ঐতিহ্য রয়েছে। তাঁর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পূর্ব মেদিনীপুর অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন।

নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও জাতীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি মনে করেন, তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্কের প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের মানবিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে জি এম কাদের নতুন দায়িত্ব পালনে শুভেন্দু অধিকারীর সফলতা কামনা করেন এবং দুই বাংলার জনগণের মধ্যে সৌহার্দ্য আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman