লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন, সভাপতি তারেক রহমান

প্রকাশিত: 18 মে 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কমিটির সভাপতি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি, র‍্যাব এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

এছাড়া সহায়তাদানকারী কর্মকর্তাদের তালিকায় সিআইডি, এসএসইউ এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিকে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের সভায় যুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির মূল কাজ হবে দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত বিষয়গুলো মূল্যায়ন, সমন্বয় এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অগ্রাধিকার নির্ধারণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যক্রম সমন্বয় করাও এর দায়িত্বের মধ্যে থাকবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী বিদ্যমান আইন ও বিধি পর্যালোচনা করে সংশোধন বা নতুন আইন প্রণয়নের সুপারিশ দিতে পারবে কমিটি। অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রেও তদারকির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

কমিটির সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরকে (এনএসআই)। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্য কোনো সংস্থাকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে বিভিন্ন বাহিনী বা সংস্থার প্রধানদের সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

নতুন এই কাঠামোকে সরকার নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা ব্যবস্থাপনায় একটি সমন্বিত উদ্যোগ হিসেবে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman