ঈদের নামাজ শেষে জিয়া উদ্যান ও বনানী কবরস্থানে যান তারেক রহমান
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত পরিবারের সমাধিস্থলে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এবার শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে এবং সরকার জনগণের প্রতি জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা করছে।
পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে গিয়ে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এছাড়া বনানীর সামরিক কবরস্থানে গিয়ে শ্বশুর মাহবুব আলী খানের কবরেও শ্রদ্ধা জানান তিনি।
ঈদের দিনে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে প্রধানমন্ত্রীর এই কবর জিয়ারতকে ঘিরে জিয়া উদ্যান ও বনানী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
