দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর শাহজাহানপুরে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো একটি দুঃস্থ সহায়তা কর্মসূচি। বয়স ও দৃষ্টিহীনতার ভারে নুয়ে পড়া নূরজাহান বেগম সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং দোয়া করেন।
শনিবার আয়োজিত কর্মসূচিটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম বর্তমানে শাহজাহানপুরে এক স্বজনের বাসায় থাকেন। স্বামী ও সন্তান না থাকায় তিনি একা জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন তিনি।
সেই সীমাবদ্ধতার মধ্যেও শনিবার তিনি লাঠির সাহায্যে অনুষ্ঠানে আসেন তারেক রহমানের সঙ্গে কথা বলার আশায়। উপস্থিত লোকজন জানান, কণ্ঠ শুনে ও স্পর্শের মাধ্যমে তিনি তার উপস্থিতি অনুভব করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে কিছু সময় কথা বলেন নূরজাহান বেগম। এরপর তিনি বারবার দোয়া করেন বলে উপস্থিতরা জানান। তার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি মানসিকভাবে প্রশান্তি অনুভব করেন।
এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়।
