দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান। দলের ইতিহাসে এর আগে টানা তিন মেয়াদে আমিরের দায়িত্ব পালন করেছেন কেবল অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি শপথ পাঠ করবেন।
গত ২৭ নভেম্বর জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২ নভেম্বর আরেক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম গত ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। জানা যায়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটে ভোটগ্রহণ হয়। গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আবারও আমির নির্বাচিত হন।
গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিতে হয়।
ডা. শফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় :
জন্ম: ৩১ অক্টোবর ১৯৫৮, মৌলভীবাজারের কুলাউড়া।
শিক্ষা: ১৯৮৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস।
রাজনৈতিক যাত্রা:
– ১৯৭০-এর দশকে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
– ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন।
– ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদান।
– পর্যায়ক্রমে সিলেট শহর, জেলা ও মহানগর আমির।
– ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল।
– ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির।
– ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার।
– এখন তৃতীয়বার (২০২৬-২০২৮)।
জামায়াতের এই নির্বাচনকে অনেকে দেখছেন দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা হিসেবে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের এই সাংগঠনিক শক্তি প্রদর্শন নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
