লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ : বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে বনানী কবরস্থানে কোরআন তেলাওয়াত ও কবর জিয়ারত করেন দলের জ্যেষ্ঠ নেতারা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। শিক্ষাজীবনে তিনি বিএফ শাহীন কলেজে অধ্যয়ন করেন। শৈশবের একটি সময় চট্টগ্রামের ষোলশহর এলাকায় কাটান তিনি।

রাজনৈতিক পরিবারে জন্ম হলেও কোকো রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ৩ সেপ্টেম্বর ভোরে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। পরে চিকিৎসার জন্য তিনি বিদেশে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত মালয়েশিয়াতেই সপরিবারে বসবাস করেন।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনের বাইরে থেকেও ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান বিএনপি সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman