দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস আগামী বৃহস্পতিবার ৮ জানুয়ারি ঢাকায় পৌঁছাচ্ছেন। নির্বাচন পর্যন্ত তিনি আরও দুই দফা বাংলাদেশ সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশনের একটি সূত্র জানায়, সফরকালে ইভার্স ইজাবস ইইউর ঢাকা মিশনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এসব বৈঠকে দেশের নির্বাচনী প্রস্তুতি, পরিবেশ এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
ইইউ সূত্র আরও জানায়, সফরের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকায় একটি সংবাদ সম্মেলন করবেন ইভার্স ইজাবস। সেখানে তিনি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের লক্ষ্য, কার্যক্রম ও পর্যবেক্ষণ কাঠামো সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন।
ইভার্স ইজাবস লাটভিয়ার নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন তাকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়।
কূটনৈতিক মহলের ধারণা, ইইউর এই পর্যবেক্ষণ মিশন নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মান রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ভোটের প্রস্তুতি, প্রচারণা পরিবেশ ও ভোটগ্রহণ প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে ইইউ মিশন।
