দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কোনো প্রকৃত রাজনৈতিক দল নয়। এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। তাদের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না। যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতাপন্থী শক্তির পাশে দাঁড়ান।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল এখন নিশ্চয়ই ভেঙেছে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন প্রত্যাশা করা যায় যে তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-১ আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভাকে ঘিরে এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
তিনি বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। যারা দেশে রয়ে গেছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সতর্ক করে বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল ভোট চাইছে, কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখাচ্ছে। এসব বিষয়ে যেন কেউ বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
