দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাষ্ট্রের দায়িত্বে এলে ৬৫ বছর বয়সের পর নাগরিকদের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবীণদের জীবনের শেষ অধ্যায় যেন কষ্টে না কাটে, সেই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর হাইস্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে যারা দেশ শাসন করেছে, তারা লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে জাতিকে বিভক্ত করেছে। ১১ দলীয় ঐক্যের মূল লক্ষ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া, যেখানে ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক বিভাজনের স্থান থাকবে না।
তিনি দাবি করেন, অতীতের সরকারগুলো যুবসমাজের হাতে কাজ তুলে দিতে ব্যর্থ হয়েছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর, কর্মস্থল ও রাস্তায় পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
নদী রক্ষা ও কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পদ্মাসহ দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যাপক খনন কার্যক্রম চালানো হবে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি বন্ধ করা হবে এবং প্রতি বছর জনগণের কাছে হিসাব দিতে হবে। মেহেরপুরের দুই আসনে ১১ দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
