দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আইসিসির অনুরোধ সত্ত্বেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভারতে গিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আবারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল পাঠানোর বিষয়ে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। আইসিসি বৈঠকে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করেনি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে কারণেই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব আবারও আইসিসির কাছে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজতে বিসিবি ও আইসিসি আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সামনের দিনগুলোতে দুই পক্ষের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
