দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
গাজীপুর সদর উপজেলায় জন্ম নেওয়া বিরল শারীরিক জটিলতায় আক্রান্ত কন্যাশিশু হাবিবার সফল অস্ত্রোপচারের পর তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুবাইদা’। চিকিৎসার পর শিশুটির সুস্থতার পথে অগ্রগতিকে কেন্দ্র করেই পরিবারের পক্ষ থেকে এই নামকরণ করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের শিশু হাসপাতালে শিশুটির অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এটি ছিল চিকিৎসা প্রক্রিয়ার প্রথম ধাপ এবং শিশুটিকে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
জন্মগতভাবে শিশুটির দুই মাড়ি ও চোয়াল একসঙ্গে যুক্ত থাকায় সে মুখ খুলতে পারত না এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছিল না। ফলে জন্মের পর থেকেই তাকে নল ও সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে হতো। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সহায়তায় এগিয়ে আসে জেডআরএফ।
চিকিৎসকরা জানান, অপারেশনের মাধ্যমে প্রাথমিক জটিলতা কিছুটা কমানো সম্ভব হয়েছে এবং পরবর্তী ধাপে আরও উন্নত চিকিৎসা প্রয়োজন হবে।
অপারেশনটি পরিচালনা করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, শিশু সার্জারি এবং অ্যানেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল। তারা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক চিকিৎসার মাধ্যমে শিশুটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার এই অগ্রগতি তাদের জন্য নতুন আশার আলো।
