লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জিয়ার শাহাদতবার্ষিকীতে দুস্থদের মাঝে সহায়তা বিতরণ শুরু

প্রকাশিত: 30 মে 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী চলা এই কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশে আরও ১৬টি স্থানে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষদের সহায়তা দেওয়ার পাশাপাশি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

এর আগে সকালে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করছে। দলটির নেতারা বলছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং রাষ্ট্রীয় উন্নয়ন ভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য।

১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় শহীদ হন। বিএনপি প্রতিবছর দিনটিকে ‘শাহাদতবার্ষিকী’ হিসেবে পালন করে আসছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman