লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, চলছে বিএনপির শাহাদাতবার্ষিকীর কর্মসূচি

প্রকাশিত: 30 মে 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বীর উত্তম এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য এবং দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের শান্তি, অগ্রগতি এবং প্রয়াত রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ভোরে নয়াপল্টন ও গুলশানসহ দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলীয় সূত্র জানিয়েছে, ২৫ মে থেকে শুরু হওয়া আট দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানী এবং দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৭টি স্থানে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় শহীদ হন জিয়াউর রহমান। প্রতিবছর বিএনপি দিনটিকে শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে এবং তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধে অবদানের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman