দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার ১১ জানুয়ারি নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বৈঠকের তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক সমন্বয় এবং বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এর আগে শনিবার ১০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সে সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটভিত্তিক চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা ১২ জানুয়ারির মধ্যেই আসতে পারে।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে সমঝোতা এবং কৌশল নির্ধারণ নিয়ে তৎপরতা বেড়েছে। জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের এই সাক্ষাৎকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, নির্বাচনের আগে জোটগুলোর আসন সমঝোতা ও কৌশলগত ঐক্য ভোটের মাঠে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন দিনগুলোতে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হতে পারে।
