দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
বিকেল পৌনে চারটা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান করতে দেখা যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার হাদি হত্যার ঘটনায় দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবারের কর্মসূচি সেই ধারাবাহিকতার অংশ। মিছিল ও অবস্থান কর্মসূচিতে ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা রাখছে। তার দাবি, এই হত্যাকাণ্ড শুধু একজনকে খুন নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক অপরাধ। তিনি বলেন, যারা হত্যার পরিকল্পনা করেছে এবং যারা সহায়তা দিয়েছে, তাদের নাম প্রকাশ করতে হবে এবং সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, নতুন করে চার্জশিট এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
