দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শিক্ষার মূল লক্ষ্য শুধু চাকরির জন্য জনশক্তি তৈরি নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষ জন্মগতভাবেই সৃজনশীল। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে।
মঙ্গলবার ১৩ জানুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার প্রধান কাজ হওয়া উচিত মানুষের কল্পনাশক্তি জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, নতুন কিছু তৈরির সাহস এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতা শিক্ষাব্যবস্থার মধ্য দিয়েই বিকশিত হওয়া প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চল বিপুল সম্ভাবনাময় হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং ভুল নীতির কারণে সেই সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যায় না। তার মতে, শিক্ষা এমন একটি শক্তি হতে পারে যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
