দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এতে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুর হওয়া ৪৫টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আবেদন গ্রহণ করা হয়েছে। আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। অন্যদিকে মোট ৩৭টি আপিল নামঞ্জুর করেছে কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে।
এ ছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দুইজন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন আরও ১৯টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রেখেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
