লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ: ড. ইউনূস

প্রকাশিত: 26 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সংবেদনশীল সময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে সরকার আশাবাদী।

সভায় প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণ এবং বিপুলসংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণে এবারের নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করছে। এ অবস্থায় ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব। মাঠপর্যায়ে সব সিদ্ধান্ত যেন আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল হয়, সে বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও জানান, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। ইতোমধ্যে নেদারল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আরও কয়েকটি দেশের সঙ্গে অনুরূপ চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman