লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“নৌকা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত”: মির্জা ফখরুল

প্রকাশিত: 26 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগে নৌকা আর ধানের শীষ ছিল। ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হত। এখন আর নৌকাটা নাই”। এবার নির্বাচনে নৌকা না থাকায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের কণ্ঠে হতাশা প্রকাশ পায়।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে। নৌকা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। ”

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালই বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ যারা স্বাধীনতা যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তারাই আজ আবার দেশ শাসনের জন্য ভোট চাইছে। তাদেরকে ভোট দিলে দেশের সর্বনাশ হবে বলে সতর্ক করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই সমান নাগরিক। বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বাংলাদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিএনপি সব নাগরিকের পাশে থাকবে।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে নির্বাচনে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি সম্ভবত তার শেষ নির্বাচন। বয়স ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman