লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: 24 জুন 2026

16 Views

The Civilians News

দুই দেশের সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে সম্মত উভয় পক্ষ

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওলজাস বেকতেনভ এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতিতে পৌঁছেছেন দুই নেতা।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই মনে করেন, নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তান এর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। জবাবে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। সংশ্লিষ্ট খাতগুলোতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পানি কূটনীতি সম্পর্কেও আলোচনা হয়। এ সময় কাজাখস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা গঠনের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতি কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হলে বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে জ্বালানি, কৃষি প্রযুক্তি এবং ডিজিটাল খাতে সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাসস

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman