লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খেলাধুলা ছাড়া সুস্থ জাতি গঠন সম্ভব নয়: কাদের গণি চৌধুরী

প্রকাশিত: 27 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

খেলাধুলা ছাড়া সুস্থ দেহ ও সুস্থ মন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফজেইউ) মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি বলেন, সুস্থ নাগরিক ছাড়া কোনো রাষ্ট্রই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, আজকের শিশুদের জীবনযাত্রার দিকে তাকালে গভীর উদ্বেগের কারণ দেখা যায়। ভোর থেকে বইয়ের বোঝা নিয়ে স্কুল, এরপর কোচিং আর অবসর সময় জুড়ে মোবাইল স্ক্রিন—খেলাধুলার জন্য তাদের হাতে কার্যত কোনো সময়ই থাকছে না। এর ফল হিসেবে আমরা ধীরে ধীরে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতির দিকে এগোচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে চোখের রোগসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শিশুরা খেলাধুলা করছে না, শাকসবজি খেতে চাচ্ছে না, অথচ এই জায়গাগুলোতেই পরিবার ও রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।

ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ সংকটের বিষয়টি তুলে ধরে বিএফজেইউ মহাসচিব বলেন, অধিকাংশ স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার জন্য নিজস্ব মাঠ নেই। মাঠ ছাড়া খেলাধুলা কীভাবে হবে, সে প্রশ্নও তোলেন তিনি। একসময় নগরীর যেসব পার্ক হাঁটা ও খেলাধুলার জন্য ছিল, সেগুলোও আজ দখলের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন কাদের গণি চৌধুরী।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট পরিবারসহ খেলাধুলা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাদে, বাসার সামনে কিংবা অল্প জায়গাতেই হোক, একসঙ্গে সময় কাটানো ও খেলাধুলা পরিবারের বন্ধন দৃঢ় করে এবং সবাইকে সুস্থ রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন। এছাড়া বিপিজেএ সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ক্রীড়া উৎসবে মেরাথন দৌড়, ১০০ মিটার দৌড়, দাবা, কেরাম, শুটিং, টেনিস বল নিক্ষেপ এবং নারী সদস্যদের জন্য লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman