দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট চুরি কিংবা ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, এই কাজে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই, জুলাই আন্দোলনে রাজপথে নামা সাধারণ মানুষই ভোটকেন্দ্র পাহারা দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠ ও নারায়ণপুর মধ্যপাড়ায় আয়োজিত পৃথক দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, কিছু মহল এখনও ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোটের দিন ভোটারদের ফজরের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে উপস্থিত থাকতে হবে। কেউ ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের পানি খাইয়েছেন। এবার তারাই ভোট চুরি ঠেকাতে ভূমিকা রাখবেন। হাসিনার দেশত্যাগের পর ভোট চুরির রাজনীতির অবসান হয়েছে দাবি করে তিনি বলেন, যারা আবার সেই পথ ধরতে চাইবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল অপপ্রচার চালাচ্ছে যে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ বাদ যাবে। বাস্তবে এমন কোনো শর্ত নেই। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনে দুটি ভোট দিতে হবে—একটি শাপলা কলিতে, অন্যটি ‘হ্যাঁ’ ভোটে। আগামীর বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ ভোটই হবে ভিত্তি।
উঠান বৈঠকে সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ও জোট নেতারা বক্তব্য দেন।
