লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরুদ্দিন পাটোয়ারীর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক

প্রকাশিত: 29 জানুয়ারী 2026

46 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর তাঁর ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। ২৯ জানুয়ারি ২০২৬ রাত ১টা ১০ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে লেখেন, “উনি ভারতীয় প্লান নিয়ে বাংলাদেশে এসেছে। সবাই সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিন।”

স্ট্যাটাসটিতে মূলত দুটি দাবি সামনে আনা হয়। একদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, অন্যদিকে বলা হয়েছে প্রায় ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান নাকি ভারতের কোনো পরিকল্পনা বাস্তবায়নে এসেছেন। তবে পাটোয়ারী এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য, দলিল বা সূত্র উল্লেখ করেননি।

এই অভিযোগ এমন এক সময়ে এসেছে, যখন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য রাজনীতিতে বহুল আলোচিত। উল্লেখযোগ্যভাবে, তারেক রহমান নিজেও সাম্প্রতিক একাধিক জনসভা ও বক্তব্যে ভারতের প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে প্রতীয়মান হয়।

তারেক রহমানের রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন। বিএনপি ও দলটির সমর্থকদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। সে সময় গ্রেপ্তার ও নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে তার মেরুদণ্ডে স্থায়ী আঘাতের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে। এসব ঘটনার পেছনে ভারতের পরোক্ষ প্রভাব ছিল বলে বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর ঘটনাতেও ভারতের পরোক্ষ ভূমিকা ছিল বলে দলটির একটি অংশ অভিযোগ করে আসছে। তবে এসব অভিযোগও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, যখন তারেক রহমান নিজেই বাংলাদেশের ক্ষমতার অন্যতম দাবিদার এবং তার পরিবার ঐতিহাসিকভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন অবস্থানের জন্য পরিচিত, তখন তার বিরুদ্ধে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগ কতটা যুক্তিসংগত।

ইতিহাসবিদরা মনে করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের স্বাধীন ও স্বকীয় পররাষ্ট্রনীতির কারণে ১৯৮১ সালের সেনা অভ্যুত্থানে তার নিহত হওয়ার পেছনেও বিদেশি শক্তির ভূমিকা ছিল বলে দেশের একটি বড় অংশ বিশ্বাস করে।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ উত্তপ্ত রাখতেই কি তারেক রহমানকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক হিসাব।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman