দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব এলাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের শুরু কী কারণে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়। তবে সংঘর্ষ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী ও নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় তারা ভবিষ্যতে সংঘর্ষ এড়িয়ে চলার অঙ্গীকার করেছিল। কিন্তু অঙ্গীকার দীর্ঘস্থায়ী হয়নি। এক মাস না যেতেই ১০ ডিসেম্বর আবারও দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনার ফলে ঢাকা শহরের সড়কে জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুই কলেজের মধ্যে উত্তেজনা ফের নতুন করে জ্বলছে।
