লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ

প্রকাশিত: 06 এপ্রিল 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি দিতে বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সরকার গঠনের পর এটিই প্রথম একনেক সভা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার প্রকল্প অনুমোদনে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের ইঙ্গিত মিলেছে। কম অগ্রাধিকার বা বিলাসী প্রকল্পের পরিবর্তে চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় অনুমোদনের জন্য মোট ১৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে ৮টি নতুন প্রকল্প এবং ৯টি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। পাশাপাশি সরাসরি টেবিলে উপস্থাপন করা হবে আরও দুটি প্রকল্প। সব মিলিয়ে এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে একনেক সভা বসছে। সর্বশেষ ২০০৬ সালে দলটির নেতৃত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল।

অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন, চর উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন, বিভাগীয় শহরগুলোতে মাতৃ ও শিশুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ, নতুন সচিবালয় ভবন নির্মাণসহ সড়ক, পানি সরবরাহ ও আবাসন উন্নয়নসংক্রান্ত একাধিক প্রকল্প।

এছাড়া নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রামে ১৭০টি নগর স্বাস্থ্যনীড় স্থাপনের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।

সাধারণত আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সচিবালয়ে বৈঠক আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

নতুন সরকারের প্রথম একনেক সভা উন্নয়ন অগ্রাধিকারের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে। বিশেষ করে চলমান প্রকল্প দ্রুত শেষ করার ওপর জোর দিলে বাস্তবায়ন দক্ষতা ও ব্যয় নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman