দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত ভবনে কথিত জঙ্গি অভিযানকে কেন্দ্র করে ৯ তরুণ নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে এ শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৮ মার্চ মামলার পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এবং শুনানির জন্য সময় প্রার্থনা করেন। সেই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে আদালতে শুনানি নির্ধারিত হয়েছে।
বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন পুলিশ কর্মকর্তারা শেখ মুহম্মদ মারুফ হাসান, মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায় ও আব্দুল বাতেন। আদালতের নির্দেশে তাদের হাজির হওয়ার জন্য গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে। অভিযানে ৯ তরুণ নিহত হন। পরে ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল বলে অভিযোগ তুলে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
বহুল আলোচিত কল্যাণপুর অভিযান নতুন করে বিচারিক প্রক্রিয়ায় আসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের জবাবদিহিতা ও মানবাধিকার প্রশ্ন আবারও আলোচনায় উঠে এসেছে। অভিযোগ গঠন হলে মামলাটি পূর্ণাঙ্গ বিচার পর্যায়ে প্রবেশ করবে।
