লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৩০ কার্যদিবসে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশিত: 02 জানুয়ারী 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিলে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা মূল হত্যাকারী নন। তিনি বলেন, খুনের সঙ্গে জড়িত ২১ জনের মধ্যে মাত্র ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তদন্তের অগ্রগতিতে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট।

ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, মেঘালয় পুলিশ যাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে, তাদের গ্রেপ্তারের দাবি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

সরকারকে দেওয়া সময়সীমা উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ৩০ কার্যদিবসের মধ্যে শুধু সরাসরি হত্যাকারী নয়, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাসহ সবাইকে চিহ্নিত করে অভিযোগপত্র দিতে হবে। তা না হলে নির্ধারিত সময় শেষে সরকার পতনের আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ।

তিনি আরও জানান, হাদি হত্যার বিচারের দাবিতে আগামী দিনগুলোতে সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হবে।

গত ২৬ ডিসেম্বর থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman