দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে আগ্রহী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে আসন সমঝোতার কারণে এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।
মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। একইসঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফখরুল জনগণকে খেজুরগাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জোট প্রার্থীর বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তবে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা মাঠের প্রচার বন্ধ করেননি। তিনি একাধিক সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন।
১৯ ডিসেম্বর সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে এক সভায় রুমিন ফারহানা বলেন, মার্কা যাই হোক তিনি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন যদি জনগণ তার পাশে থাকে।
জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী ঘোষণার পর রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল বিপ্লব বলেন, দল রুমিন ফারহানার অবদান মূল্যায়ন করেনি। অন্যদিকে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু জানান, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করাই তাদের দায়িত্ব।
