দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান-কে ঘিরে সৃষ্ট ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট Indian Ocean Rim Association-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ বিষয়ে পূর্ব অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তাঁর যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়ার ঘটনাকে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে।
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে যাত্রা চালিয়ে যেতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয় এবং ভারত তাদের অবস্থান ব্যাখ্যা করে। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে করা মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাটি বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। তবে উভয় দেশই বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাসস
