লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওএমআর মেশিনে ত্রুটি, জবি জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

47 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শুরু হলেও ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শুরু হলেও কিছু সময়ের মধ্যেই একাধিক ওএমআর মেশিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে নির্ধারিত পদ্ধতিতে ভোট গণনা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনার জন্য ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হয়েছিল। তবে গণনা শুরুর পরই দেখা যায়, কোনো মেশিনই স্বাভাবিকভাবে কাজ করছে না। সফটওয়্যার ও রিডিং সমস্যার কারণে ব্যালট শিট সঠিকভাবে স্ক্যান করা যাচ্ছিল না।

এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ বিভিন্ন পদের প্রার্থী এবং তাদের নির্বাচনী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠক শেষে ভোট গণনা পুনরায় কবে শুরু হবে এবং বিকল্প কোনো পদ্ধতিতে গণনা করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং ভোটগ্রহণ চলাকালে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের প্রত্যাশা, দ্রুত কারিগরি সমস্যা সমাধান করা গেলে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোট গণনা পুনরায় শুরু করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ফলাফল শিগগিরই প্রকাশ করা যাবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman