লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

প্রকাশিত: 21 জুন 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন নিকোলাস উইকস। রোববার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেন-এর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের প্রতি সুইডেনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়।

আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত বিভিন্ন অধ্যাদেশের সম্ভাব্য প্রভাব, প্রস্তাবিত জাতীয় বাজেট এবং কর কাঠামো সংস্কারের বিষয়ও উঠে আসে। এছাড়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে এ ধরনের বৈঠক ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও মানবিক ইস্যুতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংলাপ বাংলাদেশের কূটনৈতিক পরিসরকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman