লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 21 জুন 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা: বগুড়ার বাঘোপাড়ায় ২০২৩ সালে পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার এই চিকিৎসা কার্যক্রম শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা পরিচালিত হচ্ছে।

চিকিৎসা শুরুর সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।

জানা গেছে, বগুড়ার বাঘোপাড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান নয়ন হোসেন ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশের গুলিতে আহত হন। ওই ঘটনার পর থেকে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা ব্যয়ের সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সংশ্লিষ্টরা আশা করছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নয়নের শারীরিক অবস্থার উন্নতি হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে বিভিন্ন সময়ে আহত ও অসুস্থ দলীয় কর্মী ও সমর্থকদের চিকিৎসা সহায়তার উদ্যোগ নিয়েছিল ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটি জানিয়েছে, মানবিক বিবেচনায় এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman