লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শেষ, ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

61 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম সোমবার রাত ১২টায় শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে কমিশন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া ৮৪ হাজার ২৯২ জন, কাতার ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমান ৫৬ হাজার ২০৭ জন। দেশের ভেতরে ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লা শীর্ষে রয়েছে। এই জেলা থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ১২ হাজার ৯০ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রাম ৯৫ হাজার ২৯৭ জন। আসনভিত্তিক হিসাবে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে ১৬ হাজার ৯৩ জন। এরপর চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধন করেছেন ১৪ হাজার ৩০১ জন ভোটার।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে থাকা ভোটারদের কাছে, যার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৯৪৩।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যেসব ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তারা ১০ জানুয়ারির মধ্যে ব্যালট হাতে পাবেন।

তিনি আরও জানান, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র ব্লক করা হতে পারে। এছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক তথ্য দিতে মেসেজ পাঠানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman