দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদী আর নেই। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইনকিলাব মঞ্চের এক সংগঠক গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদীর অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অবিচল এই বিপ্লবীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
জানা গেছে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শরিফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাকে একজন প্রতিবাদী কণ্ঠ এবং আন্দোলনকেন্দ্রিক রাজনীতির সাহসী মুখ হিসেবে উল্লেখ করছেন তার সহযোদ্ধারা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
