লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টনের ডিজেলবাহী জাহাজ

প্রকাশিত: 04 এপ্রিল 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে নোঙর করে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। এর স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইনস।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে লাইটারিং পদ্ধতিতে খালাস করতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন লাগবে। সবকিছু অনুকূলে থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এর আগে শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি ৬ এ খালাস কার্যক্রম শুরু করেছে। জাহাজটি রোববার বন্দর ত্যাগ করার কথা রয়েছে। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প আন্তর্জাতিক উৎস থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক জ্বালানি আমদানি দেশের অভ্যন্তরীণ সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার সময়ে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman