লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, এসএসএফ সুবিধা নয়

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

71 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো নিরাপত্তা পরিকল্পনাকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। পাশাপাশি গ্রহণ করা হয়েছে কভার্ট ও ওভার্ট অর্থাৎ প্রকাশ্য ও গোপন উভয় ধরনের নিরাপত্তা কৌশল। তবে এই প্রস্তুতির মধ্যেও তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের আওতায় আনা হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর তারেক রহমানের নিরাপত্তা নিয়ে একাধিক সমন্বয় সভা হয়। সর্বশেষ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিএনপির প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত করা হয় তিন জোনের নিরাপত্তা কাঠামো।

রেড জোনে প্রবেশের জন্য বিশেষ কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ইয়েলো জোনেও নির্দিষ্ট কার্ডধারীরা ছাড়া প্রবেশ করতে পারবেন না। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা এলাকাকে হোয়াইট জোন ধরা হয়েছে, যেখানে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকবে।

তারেক রহমানের আগমনের দিন পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থাকতে পারেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তবে তাকে এসএসএফ সুরক্ষা দেওয়া হচ্ছে না।

নিরাপত্তা পরিকল্পনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত রুট, তার বাসভবন ও কার্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সঙ্গে তারেক রহমানের বাসা সংলগ্ন হওয়ায় পুরো এলাকাকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকেই বিশেষ নজরদারি শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর রুটজুড়ে চেকপোস্ট ও এসকর্ট ব্যবস্থা আরও জোরদার করা হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman