লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বড়দিন উপলক্ষে ঢাকায় ৩৬ ঘণ্টা আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

67 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

ডিএমপির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ২৬ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা এই নিষেধাজ্ঞা ঢাকা মহানগর এলাকায় কার্যকর থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞার সময়কালে ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

ডিএমপি জানিয়েছে, বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর গির্জা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman