দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক। দলীয় সূত্র বলছে, এটি পূর্বনির্ধারিত কোনো নিয়মিত বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো এজেন্ডাও ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হতে পারে।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটি শোকাবহ সময় পার করছে। একই সঙ্গে সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেতৃত্বের বিষয়টি দ্রুত চূড়ান্ত করার চাপও রয়েছে বিএনপির ওপর। দলটির একাধিক শীর্ষ নেতা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পূর্ণাঙ্গ নেতৃত্ব প্রয়োজন, যা নির্বাচনী প্রস্তুতি ও দল পরিচালনায় গতি আনবে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই দায়িত্ব পালন করার পর এবার তিনি দলটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব কাঠামো আরও সুসংহত হবে এবং নির্বাচনকে সামনে রেখে দলটি নতুন কৌশল নিয়ে এগোতে পারবে।
