লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আজ ঢাকার ৬ স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান

প্রকাশিত: 08 ফেব্রুয়ারী 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার বিভিন্ন আসনে টানা জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কর্মসূচি অনুযায়ী, রোববার রাজধানীর ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দুপুর দুইটায় ঢাকা–১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা–১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা–১৫ আসনের মিরপুর–১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা–১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

বিকেলে প্রচারণা আরও জোরদার করে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা–১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা–১১ আসনের বাড্ডা এলাকার সাঁতারকুলে সানভ্যালি মাঠে।

বিএনপি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আজ ও আগামীকাল মিলিয়ে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান। এসব জনসভায় নির্বাচনী ইশতেহার, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নগরবাসীর সমস্যা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভাগুলো আয়োজনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনের শেষ পর্যায়ে রাজধানীতে ধারাবাহিক এই জনসভাগুলোকে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman