দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- BNP। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দলের জাতীয় নেতারা শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন।
জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে কাপড়, চাল, ডাল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের কর্মসূচিও রয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা, মহানগর ও তৃণমূল পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক সহায়তামূলক কর্মসূচি পালন করা হবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর ক্ষমতায় আসার পর এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় ও দলীয় পরিসরে বড় আকারে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। ফলে কর্মসূচিগুলো রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
