লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু, পাসিং আউট প্যারেডে পদক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 19 মে 2026

41 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়া নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সকাল ১০টায় অনুষ্ঠানে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা প্রধান অতিথিকে রাষ্ট্রীয় অভিবাদন জানান।

অনুষ্ঠানে স্টেশন অফিসার, অগ্নিনির্বাপক কর্মী, চালক, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্তির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী সদস্যদের চৌকশ পদক প্রদান করা হয়। একই সঙ্গে সাহসিকতা ও দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকে ভূষিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে ২০ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বাগত বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই বাহিনী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দুর্যোগ ও দুর্ঘটনার মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরাই সবার আগে মানুষের পাশে পৌঁছে যান। তিনি দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সাহস, ত্যাগ ও মানবিক সেবার মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই বাহিনী দেশের গর্ব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও সরকার আন্তরিক।

অনুষ্ঠান শেষে মার্চ পাস্টের মাধ্যমে প্যারেড সমাপ্ত হয়। পরে প্রধান অতিথি কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman