দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক বা দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় ও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে, ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সৈয়দপুরে, ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই পতন হবে হালকা, তাই আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা এখনও দেখা যাচ্ছে না।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার হতে পারে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি নেত্রকোনায়, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায়, ৫৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই খোলা মাঠে দাঁড়ানো, গাছের নিচে আশ্রয় নেওয়া ও বিদ্যুতায়িত বস্তুর কাছে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
