লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যশোরে গ্রীন স্কুল ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ হলো বৃক্ষের চারা

প্রকাশিত: 01 জুলাই 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় যশোরে শুরু হয়েছে দুই মাসব্যাপী গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি। স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এবং প্রধান সমন্বয়কারী মিলন শেখ। এছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্যেই দায়িত্ব শেষ নয়। চারাগুলো যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তোলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বাস্তব অবদান রাখতে হবে। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম শিশু ও কিশোরদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তুলতে সহায়ক হবে বলে তাঁদের অভিমত।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা একে অপরের পরিপূরক। বিদ্যালয়কেন্দ্রিক বনায়ন কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া এই কর্মসূচি জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে। কর্মসূচির আওতায় পরিবেশবিষয়ক সচেতনতামূলক আলোচনা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman