দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন প্যানেলের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল থেকে শুরু হওয়া ভোটে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান এবং বামপন্থি মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল অংশ নেয়। পাশাপাশি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু রাখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। তার দাবি, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ভোটার প্রভাবিত করার চেষ্টা চলছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা ও টোকেন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে ভোট গণনার সময় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বর দেখে ভোট নেওয়া হচ্ছে। তার ভাষায়, সুযোগ দিলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি নির্বাচন কমিশনের কাছে দ্বিচারিতা না করার আহ্বান জানান।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, কেন্দ্রে ব্যালট নম্বর বা কোনো পরিচিতি বহনের বিষয়ে কমিশনের কোনো নির্দেশনা নেই।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে।
