দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।
এ বিষয়ে বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, নতুন ধারার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কারণেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ডিবির তদন্তে উঠে এসেছে, গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা। তার সহযোগী হিসেবে আলমগীর নামের এক যুবলীগ কর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে ফয়সাল, বাপ্পী ও আলমগীরসহ কয়েকজন প্রধান আসামি বর্তমানে পলাতক। ডিবির দাবি, তারা ভারতে পালিয়ে গেছেন। এ ছাড়া ফয়সালের ভগ্নিপতি ও ফিলিপ নামের আরও একজন আসামি এখনও পলাতক রয়েছেন। মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদি বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অতীত কর্মকাণ্ড নিয়ে সরব সমালোচনা করতেন। এতে সংশ্লিষ্ট মহলের ক্ষোভ তৈরি হয় এবং সেখান থেকেই হত্যার পরিকল্পনা করা হয়।
উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
