দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সিলেট-2 (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিস-এর প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। সিলেট-২ আসনের ১২৮টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। দেয়ালঘড়ি প্রতীকে মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী ভোটার।
উল্লেখ্য, এম ইলিয়াস আলী ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর তার পরিবারের সদস্যের জয়কে বিএনপি আসনটি পুনরুদ্ধার হিসেবে দেখছে।
