দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্রে একের পর এক বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সাল থেকে অন্তত ১০ থেকে ১২ জন উচ্চপ্রযুক্তি গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তি অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বিষয়টিকে ‘গুরুতর’ উল্লেখ করে দ্রুত তদন্তের আশ্বাস দেন। তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে।
নিখোঁজ ও মৃতদের মধ্যে রয়েছেন পারমাণবিক অস্ত্র গবেষণা, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত বৈজ্ঞানিক প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। যেমন, কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের কন্ট্রাক্টর স্টিভেন গার্সিয়া, এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরোটারী এর সাবেক কমান্ডার উইলিয়াম ম্যাককাসল্যান্ড এবং নাসা জেট প্রপালসন এর পরিচালক মনিকা রেজা, যারা সবাই ভিন্ন ভিন্ন সময়ে নিখোঁজ বা নিহত হয়েছেন।
এছাড়া লস আলামোস ন্যাশনাল ল্যাবরোটারী এর সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ ও প্রশাসনিক কর্মকর্তা মেলিসা ক্যাসিয়াসও নিখোঁজ হন। একইভাবে এমএইটি প্লাসমা সাইন্স এন্ড ফিউশন সেন্টার এর পরিচালক নুনো লোরেইরো এবং ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর জ্যোতির্পদার্থবিদ কার্ল গ্রিলমায়ার গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই ঘটনাগুলো ঘিরে সামাজিক মাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ বিদেশি গোয়েন্দা তৎপরতার আশঙ্কা করছেন, আবার কেউ গোপন গবেষণা আড়াল করার অভিযোগ তুলছেন। তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত করেনি।
বিশ্লেষকদের মতে, ঘটনাগুলো বিচ্ছিন্নও হতে পারে, আবার গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা জরুরি। তদন্তের ফলাফলই নির্ধারণ করবে, এগুলো কেবল কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি।
