লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশিত: 26 জানুয়ারী 2026

216 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নরসিংদীতে ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জেলার ড্রিম হলিডে পার্কের সামনে এ হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে থামানো হলে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র বাস পার্কিংয়ের অজুহাতে সাংবাদিকদের কাছে টাকা দাবি করে। সাংবাদিকরা এ দাবি প্রত্যাখ্যান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক শাহেদ, মহসিন, ক্র্যাবের স্টাফ লালনসহ আরও কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে গেছে। আহত সাংবাদিকদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কয়েকজন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাটি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman