দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে বর্তমানে নির্বাচনের জন্য ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম চলছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, এখনো নির্বাচন আয়োজনের জন্য পরিবেশ যথেষ্ট ভালো। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এবং সব জায়গায় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু মন্তব্য শোনা গেলেও বাস্তবে এমন কিছু নেই, যার ভিত্তিতে বলা যায় নির্বাচন অসম পরিবেশে হচ্ছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন জাতীয় নেত্রী। সে কারণেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটিকে কেন্দ্র করে পক্ষপাতের অভিযোগ সঠিক নয়।
প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও রয়েছে। দল মত নির্বিশেষে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, এর মাধ্যমে ভবিষ্যতে ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।
এদিন তিনি প্রায় ২৭৫ বছরের পুরোনো শিববাড়ী মন্দির পরিদর্শন করেন। পরে জুবলী রোডের বুড়া পীরের মাজার ও শাহ সুফী সৈয়দ কালু শাহ রহ এর মাজারে যান। মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। ধর্ম বিশ্বাসের পার্থক্য থাকলেও সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
