লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সুনির্দিষ্ট তথ্য নেই হাদির হত্যাকারীর: অতিরিক্ত আইজিপি

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো নির্ভরযোগ্য ও নিশ্চিত কোনো তথ্য নেই। সে দেশের বাইরে পালিয়ে গেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না এবং কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তের স্বার্থে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে এবং তথ্য যাচাই করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত শত্রুতার কোনো স্পষ্ট আলামত এখনো পাওয়া যায়নি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে এবং শুরু থেকেই বিভিন্ন সংস্থা সমন্বয়ের মাধ্যমে তদন্ত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক বিশ্লেষণ করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman